“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট (শনিবার) রাতে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প ফায়ারের শিখা প্রজ্বলন ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস বিরলের সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস বিরলের সম্পাদক ও বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলনাহার খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার মমতাজ বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা, দিনাজপুর জেলা স্কাউটস সম্পাদক আকরাম হোসেন বাবলু, জেলা রোভার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রোগ্রাম চীফ ফরহাদ হোসেন এবং বিরল স্কাউটসের কমিশনার মোঃ হাসান আলী।
উল্লেখযোগ্য যে, তিন দিনব্যাপী এই সমাবেশে উপজেলার ২৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫২ জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী স্কাউটদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।