একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রতিটি ত্যাগী নেতা-কর্মীকে পদ-পদবি দেওয়া বাস্তবসম্মতভাবে সম্ভব নয়। কিন্তু পদ না পাওয়া মানেই কোনো কর্মীর ত্যাগ, ভালোবাসা কিংবা দলের প্রতি অবদান কমে যাওয়া নয় বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।
তিনি বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য নীরব সৈনিক দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতন সহ্য করে সংগঠনের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ তারা হয়তো কোনো পদে নেই, মঞ্চের সামনের সারিতে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেও নেই। তাদের অনেকেই আজ নিভৃতে আর্থিক সংকট, পারিবারিক সমস্যা বা অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কাজী সাইমুম সিরাজের মতে, এসব ত্যাগী কর্মীদের প্রত্যাশা বড় কোনো পদ নয়, তারা শুধু চান দল যেন তাদের ভুলে না যায়। রাজনীতিতে পদ মানুষকে পরিচিত করে, কিন্তু ত্যাগ মানুষকে ইতিহাসে জায়গা করে দেয়।
তিনি দলের প্রতিটি স্তরের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
শুধু পদপ্রত্যাশীদের নয়, পদ-পদবির বাইরে থাকা ত্যাগী মানুষগুলোর খোঁজ নিন।
দুঃসময়ে যারা পাশে ছিলেন, সুসময়েও তাদের পাশে রাখুন।
নতুনদের উদ্যম আর পুরোনোদের ত্যাগের সমন্বয়েই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তুলুন।