নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে (১৬) নিজ ফার্মেসির পেছনে নিয়ে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে জামায়াতে ইসলামীর বিভিন্ন দলীয় কর্মসূচীতে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে নিজের ফার্মেসির পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হেলাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে গ্রাম পুলিশের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।