চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানি থেকে সুনামগঞ্জগামী একটি চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড ও খালি ট্রাক উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিরসরাইয়ের করেরহাট অলিনগর গ্রামের রিয়াদ হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ট্রাক সহকারী হাদিছ মোল্লা এবং নওগাঁর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার ওরফে বাঁশি।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানা থেকে ১৩ টন রড নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পুরো মালামাল ও ট্রাক উধাও হয়ে যায়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশের সহায়তায় ও তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহারের মাধ্যমে নওগাঁ জেলার মোহাম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করা হয়। এছাড়া ফরিদপুর জেলার মধুখালী এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া খালি ট্রাকটি জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে আন্তঃজেলা পুলিশের সমন্বয়ে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সত্যতা স্বীকার করেছে। রিয়াদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হচ্ছে। চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”