নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)-এর সহায়তায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি (MOP) সার গোপনে খোলা বাজারে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গত ২০ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর বাজারে অবস্থিত ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামের একটি সারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গোপনে কৃষকদের জন্য বরাদ্দকৃত বিশেষ এ সার বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর আওতায় মুমিন মিয়া নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বারহাট্টা থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম জানান, কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সরকারি পণ্যের অবৈধ বিক্রি বন্ধে এই বাজার মনিটরিং ও আইনি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।