মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর গ্রামটির খালপাড়ায় ঘটে যাওয়া এ সংঘর্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে অন্তত পাঁচটি ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৬-৭ বছর বয়সের এক শিশুকে পাটকাঠি দিয়ে পেটানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লিলি বেগম, রসূল মুন্সি, মো. ছমির, পাঞ্জাব ও মো. রিপন মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দাড়িয়াপুর) ভর্তি করান।
ঘটনার পরপরই এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি বসতঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে উভয় পক্ষের তিনজনকে আটক করেছে। শ্রীপুর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) সুবীর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।