রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন জিএফজিজি ফাউন্ডেশন (GFGG Foundation)।
নগরীর টিকাপাড়া বাশার রোডে অবস্থিত এই ফাউন্ডেশনটি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিদিন রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন মসজিদের সামনে সামান্য সহায়তার আশায় বসে থাকা পথশিশু ও দিনমজুরদের খুঁজে বের করে তাঁদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির দায়িত্বশীলরা জানান, ভাসমান ও অসহায় মানুষ—যাদের প্রতিদিনের খাবারের কোনো নিশ্চয়তা নেই এবং অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান না, মূলত তাঁদের মুখে একটু হাসি ফোটাতেই এই প্রয়াস। শুধু খাদ্য সহায়তাই নয়, আগামীতে এসব মানুষের জন্য বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।