“চাকরি যদি মেধায় নয়, টাকার বিনিময়ে হয়—তাহলে শিক্ষার মান কীভাবে ভালো হবে?”—প্রাথমিক, মাধ্যমিক ও বিসিএসসহ সর্বস্তরের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অর্থ লেনদেনের তীব্র প্রতিবাদ জানিয়ে এ প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের খুলনা মহানগর শাখার সদস্য সচিব রবিউল ইসলাম রবি মল্লিক।
বুধবার (১২ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি শিক্ষা খাতের এমন বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে রবি মল্লিক বলেন, “শিক্ষা সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আরও বেশি এবং বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে কোটি টাকার লেনদেনের কথা এখন প্রকাশ্যে আলোচনায় আসছে। যে শিক্ষক টাকা দিয়ে চাকরি নেন, তিনি শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেয়ে নিজের বিনিয়োগ করা টাকা তোলার চিন্তায় বেশি ব্যস্ত হয়ে পড়েন।”
তিনি আরও উল্লেখ করেন, নিয়োগ বাণিজ্যের কারণেই শ্রেণিকক্ষে মূল পাঠদান ব্যাহত হচ্ছে এবং অনৈতিক কোচিং বাণিজ্য ও প্রাইভেট প্রথার দাপট বাড়ছে। এর চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “পাবলিক পরীক্ষায় শুধু ভালো ফলাফলের প্রত্যাশা করলেই হবে না; তার আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ মেধাভিত্তিক ও স্বচ্ছ করতে হবে। শিক্ষকতা কোনো ব্যবসা নয়, এটি জাতি গড়ার মহান দায়িত্ব।”
এদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ব্যবহারকারী, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তাঁরা অবিলম্বে নিয়োগে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।