জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজের ঘটনার জের কাটতে না কাটতেই এবার দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। হলের সিট দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা সংলগ্ন ন্যাশনাল মেডিকেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরের পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষকে পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।
সংঘর্ষের বিষয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রশিবির দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ও ঝামেলা তৈরির চেষ্টা করছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘাত থামলেও পুরো আলিয়া মাদ্রাসা এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উল্লেখ্য, একই দিনে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এবং ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পৃথক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন নেতাকর্মী আহত হন।