সুন্দরবনের ঢাংমারী খালে বন্যপ্রাণীর এক বিরল ও রোমাঞ্চকর দৃশ্য প্রত্যক্ষ করলেন স্থানীয় বাসিন্দা ও ঘুরতে আসা পর্যটকরা। শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন অফিসের পাশে ‘বনবিবি রিসোর্ট’-এর ঠিক সামনের খালে ভেসে ওঠে বিশাল আকৃতির একটি কুমির এবং একটি ছাগল শিকার করে গ্রহণ করতে থাকে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জোয়ার-ভাটার খেলায় খালের পানিতে হঠাৎ করেই বিশাল আকৃতির কুমিরটিকে সাঁতার কাটতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই বনের কোল ঘেঁষে ঘুরে বেড়ানো একটি ছাগলকে মুখে চেপে ধরে চরে নিয়ে আসে কুমিরটি।
বনবিবি রিসোর্টের সামনের চরে হঠাৎ এমন বন্য দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে চরম কৌতুহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরাবন্দী করেন কুমিরের শিকারের এই চিত্র।
বন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের শাখা নদী ও খালগুলোতে লবণাক্ত পানির কুমিরের স্বাভাবিক বিচরণ অত্যন্ত স্বাভাবিক বিষয়। খাদ্য অন্বেষণ কিংবা রোদ পোহানোর জন্য জোয়ার-ভাটার টানে তারা প্রায়শই নদী বা খালের পাড়ে উঠে আসে। তবে লোকালয় ও পর্যটন এলাকা সংলগ্ন খালের এত কাছে বিশাল আকৃতির কুমিরের এহেন শিকার ও উপস্থিতির কারণে নদীর তীরবর্তী মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরমর্শ দেওয়া হয়েছে।