জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সনাতন বিদ্যার্থী সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী সংসদের প্রথম ধর্মচক্র অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জুলাই (বুধবার) আয়োজিত এই ধর্মচক্রে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কুশল বরণ চক্রবর্তী।
ধর্মচক্রে তিনি সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ সময় তিনি সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সাংগঠনিক দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের মূল আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জবি শাখার সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীগৌরব দাস বলেন, “প্রথম ধর্মচক্রে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কুশল বরণ চক্রবর্তী স্যারের সান্নিধ্য লাভ আমাদের জন্য পরম সৌভাগ্য ও অনুপ্রেরণার। তাঁর দিকনির্দেশনায় আমরা সনাতনী শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির পক্ষে দায়িত্বশীল কণ্ঠস্বর হয়ে ধর্মীয় জ্ঞানচর্চার প্রসার এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
প্রথম ধর্মচক্রে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, ধর্মীয় জ্ঞানচর্চা, শিক্ষার্থী কল্যাণ এবং সনাতনী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।