দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৩ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমলো মোট ৪ হাজার ৩৭৪ টাকা।
বাজুসের নতুন সমন্বয় অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
রুপার বাজারের সর্বশেষ দর:
স্বর্ণের গহনার পাশাপাশি রুপার গহনার দামও ভ্যাটসহ পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।