হেমন্তকালের এই সময়ে আজ বুধবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীতে যেন হঠাৎ ফিরে এসেছিল বর্ষার আষাঢ়। সকাল ছয়টার সামান্য আগে শুরু হওয়া এই বৃষ্টি স্থায়ী হয় প্রায় সাড়ে ছয়টা পর্যন্ত। মেঘের গর্জন, ঘন ঘন বিদ্যুতের চমক আর মুষলধারে হওয়া এই বৃষ্টিতে নিমেষেই বদলে যায় সকালের আবহাওয়া।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুধু রাজধানী ঢাকাই নয়; বরং উত্তরবঙ্গের গাইবান্ধা, বগুড়া ছাড়াও ময়মনসিংহ ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হয়েছে। ভোরের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও এর সুনির্দিষ্ট পরিমাপ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অফিস।
হঠাৎ কেন এমন আবহাওয়ার সৃষ্টি হলো?—এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালান্তর নিউজকে জানান, স্থলভাগে একটি লঘুচাপ সক্রিয় ছিল, যার প্রত্যক্ষ প্রভাবেই এই হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানিয়েছেন, আজকের এই বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে এখনই ধারাবাহিকভাবে শীত বা তাপমাত্রা কমবে না। আগামী শুক্রবার ফের নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার কারণে সে সময় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে চলতি মাসের ১৮ তারিখের পর থেকে দেশের তাপমাত্রা ধারাবাহিকভাবে হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার সন্ধ্যায় রাজধানীতে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানির সাথে প্রায় এক মাস পর ভালো রকমের বৃষ্টি হয়েছিল। পরবর্তীতে গতকাল মঙ্গলবার দিনে গরম বেশ কিছুটা বেড়ে রাজধানীর তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল। আজকের আকস্মিক বৃষ্টিতে সেই গরমের ভাব অনেকটাই কেটে গেছে।