আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হরিতকী ডাঙা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ কর্মী সম্মেলনে এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান ও ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবদল নেতা রুবেল হাসান রতন, দেওয়ান মোসাদ্দেকুর রহমান এবং ছাত্রদল নেতা উমর ফারুক রোমন প্রমুখ।
দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ও প্রচার-প্রচারণা নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে অলিগলিতে এখন একটাই আলোচনা—আগামী দিনে ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের অভিভাবক কে হচ্ছেন?