ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের সোমবারের (৯ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর এই প্রথম বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর প্রকাশ্যে এলো।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ জানানো হবে বলে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার প্রত্যাবর্তন ঘিরে আইনি ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স