ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ভিডিও শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন।
মিছিলে বহন করা ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা,
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে মহাসড়কে মিছিল করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।