চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল-১-এ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের রপ্তানিমুখী শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
বুধবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি উন্নতমানের জিপার, জিপারের বিভিন্ন উপকরণ, প্লাস্টিকের বোতাম ও সংশ্লিষ্ট পোশাক-সামগ্রী উৎপাদন করবে।
প্রতিষ্ঠানটির প্রস্তাবিত মোট বিনিয়োগ ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে প্রাথমিকভাবে বিনিয়োগ করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪০ জন স্থানীয় কর্মী কাজ করছেন। পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছালে এখানে দুই হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বেপজার অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়াকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে তৈরি পোশাক ও সংশ্লিষ্ট শিল্পের উপকরণ উৎপাদনে এ ধরনের বিনিয়োগ দেশের শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাপানের ওয়াইকেেকে (YKK) ইতোমধ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে, এসবিএস জিপারের কার্যক্রম শুরু হওয়ায় বেপজার আওতাধীন অঞ্চলগুলোতে বিশ্বের শীর্ষ দুই জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপস্থিতি তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসবিএস জিপারের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরু হলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় শিল্পের বিকাশ এবং রপ্তানি আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।