চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা আদনান আজাদ। ১৮ বছর আগে যে অপুর হাত ধরে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর।
সেই অপুর সঙ্গেই এবার ‘সেকেন্ড ইনিংস’ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁদের রোমান্টিক ফটোশুটের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আদনান আজাদের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’
একই ছবি প্রকাশ করে আদনানও জানান, অপুর সঙ্গে তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। অপুকে ‘প্রফেসর’ সম্বোধন করে তিনি লেখেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’
ছবি প্রকাশের পর অনেকেই আদনান আজাদকে নতুন করে চিনতে শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেটিই ছিল আদনানের অভিষেক সিনেমা।
আদনান আজাদের বাড়ি বগুড়ায়, অপু বিশ্বাসেরও জন্ম বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন আদনান। অন্যদিকে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস।
তবে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। অভিনয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত তিনি।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কাজের প্রয়োজনে বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন তিনি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া পেয়েছেন।
অপু বলেন, ‘২৪ ঘণ্টাও হয়নি, এরই মধ্যে প্রায় ২৭ হাজার রিঅ্যাকশন ও এক হাজারের বেশি মন্তব্য এসেছে।’
তিনি আরও জানান, আদনানের সঙ্গে নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে। তাঁদের ফটোশুটের পেছনেও ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ভাবনা রয়েছে বলে জানান অপু।
তাঁর ভাষ্য, আদনান বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। দেশের বাইরে থেকে সেরা একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। শিগগিরই আদনানের সঙ্গে দেখা করে সিনেমা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।
স্টাইলিস্ট মাহফুজ কাদরীর স্টাইলিংয়ে ফটোশুটটি করা হয়েছে। তবে সম্ভাব্য সিনেমার নাম, গল্প কিংবা শুটিং শুরুর সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে অপুর সঙ্গে আদনানের এই ‘সেকেন্ড ইনিংস’ শেষ পর্যন্ত নতুন সিনেমায় কতটা গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।