প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫১ বছরের পথচলায় যাঁদের শ্রম, মেধা ও ভালোবাসায় গড়ে উঠেছে খুলনার ডুমুরিয়ার পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, সেই প্রতিষ্ঠানের তিন শিক্ষক-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, শিক্ষার্থী ও প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার মুহূর্তে স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ।
বিদায়ী তিনজন হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুধন্য কুমার মণ্ডল, প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক সুকুমার মণ্ডল এবং অফিস সহকারী দীপক কুমার রায়।
জানা যায়, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই সুধন্য কুমার মণ্ডল প্রধান শিক্ষক এবং সুকুমার মণ্ডল সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
একইভাবে অফিস সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দীপক কুমার রায়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁরা অবসর গ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপুল বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শলুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুর রশিদ বিশ্বাস, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, দীর্ঘ ৫১ বছরের পথচলায় বিদায়ী শিক্ষক-কর্মচারীদের অবদান বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার কারণে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁদের অবদান ও স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশে তাঁদের ভবিষ্যৎ জীবনের সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।