নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (সি জোন) অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জনাব আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই জনাব মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সোমবার (২৭ জুলাই ২০২৬) ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে অভিযানটি চালায়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নস্থ ৫ নম্বর ক্যানেল এলাকায় কবির মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। সেখান থেকে আটক চারজনের হেফাজত থেকে মোট ৫০ গ্রাম ওজনের ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সাকিব (২৫)
২. মোহাম্মদ হোবাইব (২৭)
৩. মোঃ রাশেদুল ইসলাম (২৪)
৪. মোঃ নাইমুর রহমান (২৬)
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং যেকোনো অপরাধ দমনে জেলা জুড়ে ডিবির এই বিশেষ ও নিরপেক্ষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।