দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় পৃথক দুটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪২৯ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ হাজার ৩৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উর জামান জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।