আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) আজ বৃহস্পতিবার তার মনোনয়নপত্র দাখিল করবেন। ১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করে জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল অলির পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করতে আজ দলটির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সভায় সবুজ সংকেত পাওয়ার পর বিকেলে নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ আগস্ট দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। পরবর্তীতে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় সংসদের সদস্যগণ ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।