কুমিল্লা নগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পথচারীদের জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগের পর অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইচক্রের সাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরীর কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। বিশেষ করে রিকশাযাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এসব অপরাধের শিকার হচ্ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ডিবির একাধিক টিম মাঠে নামে।
গোয়েন্দা তথ্য, স্থানীয় সোর্স এবং প্রযুক্তিগত সহায়তায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ভাগ হয়ে ছিনতাই করত বলে তথ্য পাওয়া গেছে। সুযোগ বুঝে নির্জন সড়ক কিংবা কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েকজনকে আটকের পাশাপাশি এসব অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ও থানা পুলিশের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।