চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— ঘাইবাড়ী গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে অটোরিকশা চালক মোঃ তহুরুল (৩০) এবং একই গ্রামের সাইফুদ্দিন মাস্টারের ছেলে মোঃ রেজাউল (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ঘাইবাড়ী গ্রামে তহুরুলের বসতবাড়ির অটো চার্জার গ্যারেজে অভিযান চালায়। এ সময় গ্যারেজে থাকা একটি অটোরিকশার ড্রাইভার সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০০ বোতল ফেন্সিডিলের বিকল্প নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তহুরুল ও রেজাউল দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।