সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে অসহায় এক পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘের থেকে অবৈধভাবে মাছ ধরায় বাধা দেওয়ার জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় দুই সহোদর গুরুতর জখম হয়েছেন।
আহতরা হলেন চকবারা গ্রামের মৃত মনছুর আলী গাজীর দুই ছেলে আমিনুর গাজী ও মিজানুর রহমান গাজী। তারা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আমিনুর গাজী জানান, ঘটনার দিন সকালে ইব্রাহিম নামের এক ব্যক্তি তাঁদের নিজস্ব মৎস্য ঘের থেকে অবৈধভাবে মাছ ধরছিলেন। এ সময় তিনি বাধা দিলে লোকটিকে সরে যেতে দেখা যায়। তবে একই দিন বিকেল ৩টার দিকে ৩-৪ জনের একটি সশস্ত্র দল আবারও সেই ঘেরে মাছ ধরতে নামেন।
আমিনুর গাজী ও তাঁর ভাই মিজানুর রহমান গাজী পুনরায় তাঁদের বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে দুই ভাই বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা পিছু ধাওয়া করে বসতবাড়িতে ঢুকে লাঠি, কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের রক্তাত্ব জখম করে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় সংসদ সদস্যের লাঠিয়াল বাহিনীর সাথে সম্পৃক্ত।
ঘটনাটি ফোনে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর আলমকে জানানো হলে তিনি দ্রুত আহতদের হাসপাতালে নেওয়ার নির্দেশনা দেন। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় চকবারা গ্রামে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।