যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেন আটকা পড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ট্রেনটি আটকে দেন স্থানীয় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দিলে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রায় ১ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারী ও স্থানীয় বাসিন্দারা জানান, মশাখালী একটি গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও সেখানে আন্তঃনগর ট্রেনের স্থায়ী বিরতি নেই। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ দাবিতে তারা গত ১০-১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, “স্থায়ী স্টপেজের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। সকালে ট্রেনটি আটকে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”