জিএম ইয়াসিন আরাফাত, শ্যামনগর প্রতিনিধি:
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সরকার ঘোষিত প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কলাগাছিয়া নদীতে মাছ ধরার অভিযোগে ১টি ডিঙি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে বন বিভাগ। পরবর্তীতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়।
আটককৃত জেলেরা সকলেই শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের বাসিন্দা। তারা হলেন—মোস্তফা গাজী (৬৪), মহফুজুর রহমান (৪০), আল-আমিন গাজী (৪০) ও ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সূত্রে জানা যায়, বিশেষ দলের অভিযানে আটকদের কাছ থেকে ৩০ কেজি চিংড়ি, ১৩৭ কেজি সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রামসহ বিভিন্ন মালামাল ও ডিঙি নৌকাটি জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, সুন্দরবনে প্রজনন ও অভয়ারণ্য রক্ষায় প্রবেশ নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধভাবে প্রবেশের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। বন রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।