রাজশাহী মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ পরিচালনায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়েছে। একই সাথে কাগজপত্র ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে ৫৭টি যানবাহন আটক করা হয়।
আরএমপি সূত্রে জানানো হয়, নগরবাসীকে যানজট মুক্ত রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সব চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।