ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন এবং চোর সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায় ঈশ্বরগঞ্জ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ৩ জন এবং ৩০০ গ্রাম গাঁজাসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে চোর সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আজিজুল হক মির্জা (৪৫), মো. মাহবুবু মিয়া (৩২), মোছা. শারমিন (২৫), মো. জাহিদুল ইসলাম (৫০) ও মো. রবিন মিয়া (২২)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।