কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে শুরু হওয়া এ অভিযানে মোট ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে নেতৃত্ব দেন। জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য অপরাধীদের আড্ডা ও সন্দেহভাজন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুল এলাকায় সংঘর্ষে শাহাদাত নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতন প্রধান আসামিদের একজন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, রতনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে নগরীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।