সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৩০০ টাকা এবং একটি মানিব্যাগসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) ওসমানীনগর থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) মো. আব্দুল কাদের। অভিযানে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় নিজ কুরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মখলিছ আলী (৫২), তার স্ত্রী লাকী বেগম (৪০) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর রামলোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)। তারা দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া এলাকায় শহিদুল ইসলাম রেনু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মখলিছ আলী একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরিসহ অন্তত ২১টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লাকী বেগমের বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৮, তারিখ: ১৫ আগস্ট ২০২৬, জিআর নং-১১৯)।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।