মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, “মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও পরিবেশবান্ধব চাষ পদ্ধতির সম্প্রসারণ, উন্নতমানের পোনা ও রেণুসহ প্রয়োজনীয় উপকরণের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ প্রদান সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘জাল যার, জলা তার’ নীতির আলোকে সরকারি জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের খাদ্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি, কৃষক কার্ড বিতরণ এবং দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের কাজ চলমান রয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে খাল খনন-পুনঃখনন, বিল নার্সারি স্থাপন ও অভয়াশ্রম গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার।
উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী এবং ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।