চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, তানভীরুল বিষপান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
তাঁর বাবা মো. আব্দুল ইউসুফ এবং মা তালিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর তানভীরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি বুধবার রাতে জানাজানি হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তানভীরুল সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁর কোমরের এক পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।
তিনি তালিকাভুক্ত আহত জুলাই যোদ্ধা ছিলেন। গুলির ক্ষত নিয়ে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক কষ্টে ভুগছিলেন। ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো।
আরিফ মাহমুদ আরও বলেন, তীব্র ব্যথার কারণে তানভীরুল প্রায়ই হাঁটাচলা করতে কষ্ট পেতেন এবং কষ্টে কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে তিনি মনে করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।