নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে বদলগাছি থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুর জেলা থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনায় জড়িত চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ফুয়াদ নামের এক ব্যক্তি তাঁর ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাইরে এসে তিনি দেখতে পান বাইকটি চুরি হয়ে গেছে।
বিষয়টি জানার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রংপুর জেলার মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের শহিদুল ইসলাম (৪১)।
পুলিশ আরও জানিয়েছে, আটককৃত শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সত্যতা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।