মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ এবং মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ৮৫ হাজার মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মোংলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, মোংলা বন্দরকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা ত্বরান্বিত করতে দ্রততম সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু করা হবে। সেতুটি নির্মিত হলে মোংলা বন্দরের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং পরিবহন ব্যয় অনেক কমে আসবে।
সভায় কর্মসংস্থান বিষয়ে মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকে মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে, যেখানে প্রথম ধাপে প্রায় ২৫ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানান।