চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ডের সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১২-৯৯৬৪) তল্লাশি করে প্লাস্টিকের তিনটি বস্তা থেকে ২৫টি পোটলায় থাকা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন মাদককারবারি কৌশলে পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।