শ্রদ্ধা, উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতি ইউনিয়ন কালী মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভক্তদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও এক বিশেষ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসীম উদ্দিন বিশেষ ব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে সরাসরি যুক্ত হয়ে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। এ সময় তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার তাগিদ দেন।
অধ্যক্ষ শ্রীপাদ নরেশ গোস্বামী ব্রহ্মচারীর পুণ্য পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু বিরাজ কুমার ভট্টাচার্য এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু শম্ভু রঞ্জন চৌধুরী। শ্রী শ্রী ময়নামতি কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুধেন চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু কিংকর দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
সমাবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সামাজিক ও আইনি লড়াই ‘রানীর বাংলা’ প্রাসাদের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। বক্তারা রানীর বাংলা প্রাসাদ নিয়ে প্রত্নতত্ত্ব ও তথ্য বিভাগের সাথে চলমান আইনি জট ও মামলার দ্রুত নিরপেক্ষ নিষ্পত্তির দাবি জানান। নেতারা বলেন, আইনি সংশয় নিরসন হলে স্থানীয় অধিবাসীরা কোনো শঙ্কা ছাড়াই নিজ ভূখণ্ডে পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন। অধিকার আদায়ের এই মানবিক লড়াইয়ে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন তাঁরা।
পরিশেষে গীতা পাঠ, পুষ্পাঞ্জলি ও সুধী সমাবেশ শেষে আগত শত শত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এ উৎসবের সমাপ্তি ঘটে।