খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী কর্মশালায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির কারণে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন।
এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কয়রার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলায় একটি মানসম্মত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে কয়রাকে একটি মডেল ও উন্নয়নশীল উপজেলায় রূপান্তর করাই তাঁদের প্রধান লক্ষ্য।
স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ সময় কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, স্থানীয় নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।