বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে খুলনা নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। শুক্রবার (৭ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন স্থানে চলমান এই পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক ৭ আগস্ট (শুক্রবার) সকাল থেকেই নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড, সংলগ্ন পুকুর ও বাইলেন, গগনবাবু রোড, বাঁশপট্টি রোড, রূপসা চর বস্তি, রূপসা খ্রিস্টান চর কলোনী এবং মুজগুন্নী জংশন রোডসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। এসব এলাকায় ড্রেন পরিষ্কার, নালা-নর্দমায় মশক নিধন ওষুধ স্প্রে করা এবং আবর্জনা অপসারণের কাজ তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে কেসিসির কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, ২৯ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক মুকুল এবং জাতীয় দলের সাবেক ফুটবলার মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেসিসি প্রশাসক জানান, মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে সুরক্ষায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখারও আহ্বান জানান তিনি।