জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও বাঁধন জবি ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেশন, কুইজ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বাঁধন জবি ইউনিটের মেন্টর ড. মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য বলেন, “সমাজ পরিবর্তনের জন্য দায়িত্বশীল অল্পসংখ্যক মানুষই যথেষ্ট। দুর্যোগে জরুরি সহায়তার জন্য অচিরেই জবিতে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে এবং তাদের কাজের জাতীয় স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ নেওয়া হবে।” তিনি বাঁধন, বিএনসিসি ও রোভার স্কাউটের মতো মানবিক সংগঠনগুলোকে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মল্লিকা রহমান। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাবিলা হাসান এবং ক্যাম্পাসের প্রতিনিধি পিউস সাহা।
দিনব্যাপী এই কর্মসূচিতে রক্তদাতাদের ফ্রিতে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। নারী শিক্ষার্থীদের সুবিধার্থে ছিল পৃথক ও নিরাপদ রক্তদানের বিশেষ ব্যবস্থা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে পুরস্কৃত করার পাশাপাশি সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।