মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, কারবালার বীর শহীদ হযরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশা বা পবিত্র চেহলুম উপলক্ষে খুলনায় গভীর শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে খুলনা বিভাগীয় চেহলুম কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, শোকসভা এবং শোক ও মাতম মিছিল। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।
ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের আল মোস্তফা (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. শাহাবুদ্দিন মাশায়েখী। তিনি বলেন, “পার্থিব কোনো স্বার্থ নয়, বরং ইমাম হুসাইন (আ.)-এর প্রতি পরম ভালোবাসা ও তাঁর আদর্শই মানুষকে আজ একসুতোয় গ্রথিত করেছে।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ মাহদী মওলায়ী আরানী মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, “হযরত ইমাম হুসাইন (আ.) হেদায়েতের আলোকবর্তিকা ও নাজাতের তরী।” তিনি সকলকে আহলে বাইতের আদর্শ ধারণ করার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী বলেন, “কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ মানবমুক্তি, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার চিরন্তন দৃষ্টান্ত। জুলুমের বিরুদ্ধে আপসহীন থাকার শিক্ষা দেয় কারবালা।” এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মাওলানা আলহাজ্ব মঞ্জুরুল ইসলামসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বিশাল শোক ও মাতম মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “আল্লাহু আকবার”, “ইয়া রাসুলাল্লাহ” ও “ইয়া হুসাইন” ধ্বনিতে কারবালার চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।