রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে ধাওয়া করে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের ঘোনটারি চ্যাংডোবা এলাকার সাদিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেলের অটোরিকশাটি ভোরে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তিনি বাধা দিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ও মসজিদের মুসল্লিরা এগিয়ে আসেন। পরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন ধাওয়া শুরু করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পালানোর সময় দুই ব্যক্তি অটোরিকশাটি রেখে ধানখেতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে লোকজন তাঁদের ধরে মারধর করলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কালান্তর নিউজ | রংপুর