বীর মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঘোষিত ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডে দোয়া ও মিলাদ মাহফিল, মতবিনিময় সভা এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা ও ১১ নম্বর সেক্টরের প্লাটুন কমান্ডার মরহুম হযরত মোজাম্মেল হক সাহেবের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টায় তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দোয়া, মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেখান থেকে সর্বস্তরের নেতাকর্মী ও সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সিংগাইর থানার মুক্তিকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম রনি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আলতাফ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বনির উদ্দিনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নির্যাতিত ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানো, ১১ দফা দাবি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। দেশের সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সন্তানদের ও সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার বিনীত আহ্বান জানানো হয়েছে।