ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর সূত্রে জানা যায়, উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বেলায়াত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।
অভিযানকালে আটক দুই নারীর পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক বেলায়াত হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাকে মাদকমুক্ত রাখতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।