দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আন্তরিক বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার আবু নূর মো. রেজা। তিনি বলেন, “স্বল্প সময়ের দায়িত্ব পালনকালেও মো. ফরহাদ সরকার দক্ষতা, সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকর্মীরা বলেন, একজন পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ফরহাদ সরকার কারাগারের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আন্তরিকতা ও কর্মদক্ষতা সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে এবং তাঁর কর্মপদ্ধতি ভবিষ্যতেও সবার মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী কর্মকর্তার বক্তব্যে মো. ফরহাদ সরকার সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দিনাজপুর জেলা কারাগারে কর্মরত অবস্থায় সবার সহযোগিতা ও আন্তরিকতা তিনি সবসময় স্মরণ রাখবেন। সেই সাথে নতুন কর্মস্থলেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দিনাজপুর জেলা কারাগার পরিবারের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা উল্লেখ করেন, “বিদায় কোনো সমাপ্তি নয়; বরং নতুন দায়িত্ব, নতুন কর্মপরিসর ও নতুন সাফল্যের পথে আরেকটি যাত্রার সূচনা।”