ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে নতুন উপদেষ্টা বরণ এবং সক্রিয় সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জয়পাড়ার একটি বিপণিবিতানের দ্বিতীয় তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত তিন মাসে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে মানবসেবামূলক কাজে বিশেষ অবদান এবং রক্তদানে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নীরব মোদকের সভাপতিত্বে এবং পায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার জসিমউদ্দিন, নবনিযুক্ত উপদেষ্টা ডাক্তার দিদার পাঠান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগীদের নিঃস্বার্থ সেবা প্রদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যদের পাশাপাশি দোহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন—‘দোহার তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’, ‘বিডি ক্লিন’ এবং ‘অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।