চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে (এনএসইজেড) বড় ধরনের বিনিয়োগ শুরু করেছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল্টা ফার্মা। ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এখানে আধুনিক ওষুধ ও ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদনের কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। ২০২৯ সালের মধ্যে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডেল্টা ফার্মার সহযোগী প্রতিষ্ঠান ডেল্টা লাইফ সায়েন্সেস পিএলসি ও ডেল্টা এপিআই লিমিটেড দীর্ঘমেয়াদে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে মোট ৪২ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে গত ২০২৫ সালে ৩০ একর এবং চলতি বছরের ৫ জুলাই ডেল্টা এপিআই লিমিটেডকে আরও ১২ একর জমি হস্তান্তর করা হয়।
প্রকল্পটির প্রথম ধাপে প্রায় ৪৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এখানে হারবাল ও নিউট্রাসিউটিক্যাল পণ্যের পাশাপাশি ক্যানসার-প্রতিরোধী জীবনরক্ষাকারী ওষুধ, মনোক্লোনাল অ্যান্টিবডি, এরিথ্রোপোয়েটিন, ফিলগ্রাস্টিম, টপিক্যাল ক্রিম ও অয়েন্টমেন্টসহ বিভিন্ন জরুরি ওষুধ ও উন্নতমানের কাঁচামাল উৎপাদন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই কারখানা চালুর মাধ্যমে ওষুধ শিল্পের কাঁচামালে দেশের আমদানিনির্ভরতা অনেকখানি কমবে। একই সাথে বিপুল পরিমাণ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে মিরসরাইয়ের এই অর্থনৈতিক অঞ্চল।