বাগেরহাটের চিতলমারীতে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর প্রিতম মন্ডল (নবম শ্রেণি) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ প্রিতম মন্ডল চিতলমারী সরকারি এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়াসহ বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় প্রিতমের পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। তার মুখের ডান পাশে নাকের নিচে একটি কালো তিল রয়েছে। এ ছাড়া তার গলায় তুলসীর মালা ছিল।
পরিবারের একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। প্রিতমকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি প্রিতম মন্ডলের সন্ধান পেলে তার বাবার মোবাইল নম্বর ০১৭১১৯৭৭৩৬৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্তানকে সুস্থভাবে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।