কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়, আর্থিক অনুদান প্রদান ও নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বুড়িচং থানা বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান।
দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে হাজী মিজানুর রহমান বলেন, “উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে কোনো দুষ্কৃতকারী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যেকোনো অপপ্রচার ও অশুভ তৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের গুজব ও অপপ্রচার সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানানো হয়।
ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, “শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্যের প্রতীক। ময়নামতি ইউনিয়নে দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রয়োজনে আমরা পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
এদিকে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়, অনুদান প্রদান ও নিরাপত্তাবিষয়ক দিকনির্দেশনায় পূজামণ্ডপগুলোর আয়োজকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়। এ উদ্যোগের জন্য বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হাজী মিজানুর রহমানসহ অতিথিদের ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
পরিদর্শনকালে বুড়িচং থানা ও ময়নামতি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।