চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে একটি ফাঁকা বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়ির মৃত আক্তার হোসেনের বসতঘরে বুধবার দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা শহরে অবস্থান করায় ঘরটি ফাঁকা ছিল। সেই সুযোগে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করা হয়। ভুক্তভোগী ইফতেখার হোসেন রিয়াদ দাবি করেন, দুর্বৃত্তরা ঘর থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে পাশের ঘরের চাচি তালা ভাঙা দেখে পরিবারকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।
তবে চুরির মালামাল নিয়ে পুলিশ ও ভুক্তভোগী পরিবারের বক্তব্যের মধ্যে ভিন্নতা দেখা গেছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, “চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত কিছু বিদ্যুতের তার চুরি করে পরবর্তীতে সেগুলো ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কার চুরির তথ্যটি সঠিক নয়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”